সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের দায়ে জরিমানা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে পাহাড় কেটে সুইমিংপুল তৈরির দায়ে মেঘপল্লী রিসোর্টে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। 

বুধবার (৩ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই আদেশ দেন। 

এর আগে মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) সুইমিংপুল নির্মাণে নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টে রিট করে। পরে হাইকোর্ট থেকে সুইমিংপুল নির্মাণের ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিংপুল তৈরি বন্ধে মহামান্য হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘটনাস্থলে গিয়ে আদেশ বাস্তবায়ন করা হয়েছে।