লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট—ইউপিডিএফের মদদে কয়েকটি সংগঠন সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এ অবরোধ চাপিয়ে দিয়েছে। গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। পরে ২৬ অক্টোবর প্রশাসনের সঙ্গে বৈঠকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি দাবি মেনে নেওয়া হলেও সাজেক থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন শান্তিচুক্তি পক্ষীয় জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরানোর দাবি অমীমাংসিত থাকায় অবরোধ অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাজেকের ৫০টির বেশি গ্রামের হাজারো মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও ব্যবসা-বাণিজ্যের জন্য সড়কসংলগ্ন বাজারগুলোর ওপর নির্ভরশীল। অবরোধের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত ৭ নভেম্বর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামের এক প্রসূতির মৃত্যুর পেছনেও অবরোধকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
তাদের আরও অভিযোগ, গত ১২ নভেম্বর সাজেক বনবাণী বৌদ্ধবিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে দেন। এ ছাড়া বাঘাইহাট, বাঘাইছড়া, ডানে বাঘাইছড়া, চামনীছড়া ও গঙ্গারাম এলাকার বাসিন্দাদের জোর করে অবরোধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। হুমকি দিয়ে সভা-সমাবেশে নেওয়া, সড়কে অবস্থান এবং টায়ার জ্বালাতেও বাধ্য করা হচ্ছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা পদত্যাগ করে সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেছেন এবং অবরোধ প্রত্যাহারের পক্ষে অবস্থান নিয়েছেন।
এদিকে গত ১৫ নভেম্বর সাজেকে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। গত অক্টোবরেও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফকে দায়ী করেছিল।
অন্যদিকে ইউপিডিএফের দাবি, সাজেকে জেএসএসের সশস্ত্র সদস্যদের অবস্থান রয়েছে। গত কয়েক মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে।
নবম দিনের অবরোধে সাজেক, বাঘাইহাটে সেনাপ্রধান
তৃতীয় দফায় অবরোধে বন্ধ সাজেক, বিপাকে পর্যটকরা