আগামী দলবদল শুরু ১ জুন

অসময়ে দলবদলের কারণে প্রায় প্রতি বছরই বিপাকে পড়তে হয় আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোকে। বহির্বিশ্বের সঙ্গে মিল থাকে না বলে চাইলেও বড় ক্লাবগুলো পারে না ভালোমানের বিদেশি আনতে। ফলে এএফসির টুর্নামেন্টগুলোতে ভুগতে হয়, আশপাশের দেশগুলোর সঙ্গে মাঠের লড়াইয়ে পিছিয়ে যেতে হয়। বহুদিনের এই সমস্যা কাটাতে এবার উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। গতকাল এক ভার্চুয়াল সভায় প্রায় দেড় মাস এগিয়ে এনে আগামী মৌসুমের খেলোয়াড় নিবন্ধন জানালা ১ জুন খোলার সিদ্ধান্ত হয়েছে।

আগামী জুলাইয়ে এএফসির ক্লাব টুর্নামেন্টগুলো মাঠে গড়াবে। বাংলাদেশ থেকে দুটি ক্লাব লাইসেন্সিং করলেও খেলার সুযোগ পাবে কেবল গত বারের লিগজয়ী বসুন্ধরা কিংস। এএফসির নয়া ক্লাব ফরম্যাটের সর্বশেষ ধাপ এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সদ্য বিলুপ্ত এএফসি কাপে এর আগের চারবার অংশ নিয়েছিল বসুন্ধরা কিংস। এর মধ্যে একটি করোনার কারণে বাতিল হয়। বাকি তিনবারই খুব কাছে গিয়েও গ্রুপসেরা হতে পারেনি তারা। এই ব্যর্থতার অন্যতম কারণ অসময়ে দলবদলের কারণে পছন্দমতো বিদেশি সংগ্রহ করতে না পারা। এবার অবশ্য সেই সমস্যা থাকছে না। ১ জুন দলবদল শুরু হলে তাদের সুযোগ থাকবে উন্মুক্ত ফুটবলারদের সঙ্গে যোগাযোগের। এ ব্যাপারে বুধবার সভা শেষে কথা হয় বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে। তিনি বলেন, ‘আসলে আমরা চাচ্ছি এএফসি ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের ক্যালেন্ডার সাজাতে যাতে ক্লাবগুলো ভালোমানের বিদেশি দলে নিতে পারে। ১ জুন শুরু হলে সেই সুযোগটা তারা পাবে।’

আগামী মৌসুম বাফুফে চাইছে সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু করতে। এখনো মৌসুমের সবকটি খেলার সূচি চূড়ান্ত না হলেও গতবারের মতো স্বাধীনতা কাপ দিয়েই শুরু হবে মৌসুম। আসছে মৌসুমে অনিয়মিত হয়ে পড়া সুপার কাপও খসড়া ক্যালেন্ডারে রাখা হয়েছে। এদিকে এপ্রিলের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যুবদলের (অনূর্ধ্ব-১৮) দলবদল শুরুর সিদ্ধান্ত হয়েছে। আর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের জুনিয়র দলের (অনূর্ধ্ব-১৬) দলবদল শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহে। মাসব্যাপী দলবদলের পরপরই শুরু হবে খেলা।