সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তি নরওয়েতে গ্রেপ্তার

ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা, সুইডেনে বারবার পবিত্র কোরআন পোড়ানোর জন্য বিশ্বব্যাপী নিন্দিত হয়েছিলেন তিনি। নরওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুইডেনে নির্বাসনে পাঠানো হতে পারে।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।

বেশ কয়েকবার পবিত্র কোরআন পোড়ানোর দায়ে মুসলিম বিশ্বের চাপের মুখে সুইডেন সরকার তাকে বসবাসের অনুমতি পুনঃনবায়ন করতে অস্বীকৃতি জানালে, প্রতিবেশী দেশ নরওয়েতে গিয়েছিলেন মোমিকা।

সালওয়ান মোমিকা, একজন খ্রিস্টান ইরাকি। তিনি সুইডেন ছেড়ে নরওয়ে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অসলো ডিস্ট্রিক্ট কোর্টের এ সংক্রান্ত এক রায়ের নথি অনুসারে, মোমিকাকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। তার একদিন আগেই সেখানে পৌঁছান তিনি।

প্রতিবেদনে বলা হয়, ৩০ মার্চ শুনানির পর মোমিকাকে চার সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেন আদালত। ইইউ আইন মেনেই তাকে সুইডেনে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে নরওয়েজিয়ান ডিরেক্টরেট অব ইমিগ্রেশন (ইউডিআই)।

আদালতের রায়ে বলা হয়েছে, আনুষ্ঠানিক এবং বাস্তবিক ব্যবস্থা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোমিকাকে সুইডেনে ফেরত পাঠানো হবে।

মোমিকার কোরআন পোড়ানোর ঘটনা মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছিল। এমনকি ইরাকি বিক্ষোভকারীরা গত বছরের জুলাই মাসে বাগদাদের সুইডিশ দূতাবাসে দুইবার হামলা চালায়।

পরবর্তীতে সুইডিশ সরকার মুসলিম বিশ্বের চাপে পড়ে কুরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানায় এবং পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করে।