ফিলিস্তিন মুক্তির অঙ্গীকার আন্তর্জাতিক আল-কুদস দিবস আজ

আন্তর্জাতিক আল-কুদস দিবস আজ। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে এ দিবস। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন হিসেবে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানরা দিনটি পালন করে থাকেন।

‘আল কুদস’ বা ‘মসজিদুল আকসা’ ফিলিস্তিনের জেরুজালেমের পবিত্র ভূমিতে অবস্থিত পবিত্র মসজিদ, যা ‘বায়তুল মুকাদ্দাস’ নামে অধিক পরিচিত। ‘কুদস’ অর্থ পবিত্র। বায়তুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত।

প্রিয় নবীজি (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম তথা কাবা শরিফ থেকে মসজিদুল আকসা তথা বায়তুল মুকাদ্দাস প্রথম সফর করেন, যা ‘ইসরা’ নামে অভিহিত হয়েছে। (সুরা-১৭ ইসরা, আয়াত: ১)।

১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনের মূল অধিবাসীদের অধিকাংশকে বিতাড়িত করে ইহুদিরা সেখানে অবৈধ রাষ্ট্র ইসরায়েল গঠন করে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল বায়তুল মুকাদ্দাস দখল করে আছে। এরপর থেকে এ দখলদারীত্বের বিরোদ্ধে আল-কুদস দিবস পালন করে আসছে মুসলিম বিশ্ব।

জেরুজালেম শহরের অপর নাম 'কুদস' বা 'আল-কুদস' (আরবী ভাষায়)। সে অনুযায়ী দিবসটির নাম আল-কুদস দিবস। ১৯৭৯ সালে ইরানে প্রথম পালিত হয় দিবসটি।

দখলদার ইহুদিদের হাত থেকে ফিলিস্তিন ও পবিত্র বায়তুল মোকাদ্দাস, মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদকে মুক্ত করার জন্য মুসলমানদের জাগিয়ে তোলাই এ দিবসের অন্যতম প্রধান লক্ষ্য।

চলতি বছর বিশ্বজুড়ে দিনটি এমন এক সময় পালিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও বর্বর হামলা অব্যাহত রয়েছে।