উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধের রায় স্থগিত করল আদালত 

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে মাদরাসা বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি প্রাথমিকভাবে সঠিক ছিল না। 

উত্তরপ্রদেশে মোট ১৬ হাজার ৫১৩ টি স্বীকৃত এবং ৮ হাজার ৪৪৯টি অস্বীকৃত মাদ্রাসা রয়েছে যেখানে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী রয়েছে। 

গত মাসে এলাহাবাদ হাইকোর্ট ২০০৪ সালের আইন স্থগিত করে শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিতের নির্দেশ দেয়। এলাহাবাদের হাইকোর্টের এই রায় স্থগিত ঘোষণা করে সুপ্রিম কোর্ট বলেছেন, মাদরাসা বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত হলো নিয়ন্ত্রক। আর এই বোর্ড স্থাপনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার কোনো ক্ষতি হবে না।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার রায়ে বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট, ওই আইন স্থগিত করে, শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিতের নির্দেশ দেয়। তবে এই রায়ে ক্ষতিগ্রস্ত হবে ১৭ লাখ শিক্ষার্থী। আমাদের পর্যবেক্ষণ হলো এত শিক্ষার্থীকে একসঙ্গে স্থানান্তর ন্যায্য নয়।

প্রধান বিচারপতি আরও বলেন, যদি পিআইএলের উদ্দেশ্য থাকে মাদ্রাসায় ধর্মনিরপেক্ষ শিক্ষা যেমন গণিত, বিজ্ঞান, ইতিহাস এবং ভাষা শেখানো হবে। তাহলে মাদরাসা আইন ২০০৪ বাতিল করে এই উদ্দেশ্য অর্জন করা যাবে না।

সুপ্রিম কোর্টে মাদরাসার পক্ষে লড়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভী। তিনি আদালতকে বলেছেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ের কারণে মাদরাসার ১০ হাজার শিক্ষক এবং ১৭ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।