ভারতকে ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, শি জিনপিং বলেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে, যা বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, চীন সবসময় মনে করেন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে একসঙ্গে এগিয়ে যাওয়াই দুই দেশের জন্য সঠিক পথ।

দ্বিপক্ষীয় সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে শি জিনপিং বলেন, ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি একে অপরের উদ্বেগের বিষয়গুলো সমাধানের মাধ্যমে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পারমাণবিক শক্তিধর ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশ এখনো নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ভারত ও চীনের সেনা নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং হিমালয় অঞ্চলে উভয় পক্ষই সামরিক উপস্থিতি বাড়ায়।

তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর শুরু হয় এবং ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি ও বেইজিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত