জিতে এগিয়ে থাকল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান নিয়ে যেন চলছে মিউজিক্যাল চেয়ার খেলা। শীর্ষে থাকা তিন দলের মধ্যে চলছে এগিয়ে যাওয়ার লড়াই। যে লড়াইয়ে গত বৃহস্পতিবার রাতে শেফিল্ডকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের এগিয়ে রাখল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ৩০ ম্যাচ শেষে অলরেডদের সংগ্রহ ৭০ পয়েন্ট। সমান ম্যাচ খেলা আর্সেনালের চেয়ে এখন তারা ২ পয়েন্ট ও ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে।

বুধবার লুটন টাউনকে হারিয়ে শীর্ষে উঠেছিল আর্সেনাল। ২৪ ঘণ্টার মধ্যেই শীর্ষে ফিরে গেছে লিভারপুল। প্রথম মিনিটেই লিভারপুলের রক্ষণে হানা দেয় তলানির দল শেফিল্ড। জেমস ম্যাকাটির শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন লিভারপুল গোলকিপার কেলেহার। এরপর শুরু হয় লিভারপুলের টানা আক্রমণ। ১৭ মিনিটে শেফিল্ড গোলকিপার ইভো গিরবিচের হাস্যকর ভুলে এগিয়ে যায় লিভারপুল। নুনেজকে এগিয়ে আসতে দেখে একটু তাড়াহুড়ো করেই শট নেন গোলকিপার গিরবিচ, বল সামনে লাফিয়ে ওঠা নুনেজের পায়ে লেগে চলে যায় জালে।

প্রথমার্ধের বিরতির পর ৫৭ মিনিটে কনর ব্র্যাডলির আত্মঘাতী গোলে সমতায় ফেরে শেফিল্ড। লিভারপুলকে ফের এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ৯০ মিনিটে ব্যবধান বাড়ান কোডি গাকপো।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৪-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। চেলসির কোল পালমার করেছেন হ্যাটট্রিক। যোগকরা সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ৩-৩ করেন পালমার। পরের মিনিটেই করেন জয়সূচক এবং নিজের হ্যাটট্রিক গোলটি। ম্যাচের ১০০ মিনিট ৩৯ সেকেন্ড সময়ে দেওয়া পালমারের গোলটি প্রিমিয়ার লিগ ইতিহাসে ম্যাচ জেতানো শেষ সময়ের গোল। এত দেরিতে গোল করে আর কেউ ম্যাচ জেতাতে পারেননি।