শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

শুক্রবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিরাই উপজেলার তলবাউশি গ্রামের বাসিন্দা শামসুন্নাহার বেগম (৬৫) ও একই গ্রামের বাসিন্দা জান্নাত (১৩)। সম্পর্কে তারা দাদি-নাতনি ছিলেন।

জানা যায়, রাতে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেল দিয়ে দিরাই উপজেলায় যাওয়ার পথে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। মোটরসাইকেলটি চারজন যাত্রী নিয়ে জয়কলস ইউনিয়নের গাগলী এলাকার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন শামসুন্নাহার বেগম (৬৫)। এছাড়াও মোটরসাইকেলের থাকা অন্য আরোহীদের স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত (১৩) নামের আরেক জনের মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে টারজন যাত্রী ওঠায় মোটরসাইকেলটি বৃষ্টির আসার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন। আহত আরও দুজনের অবস্থাও আশঙ্কাজনক।