নাড়ির টানে বাড়ি ফেরায় দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীদের চাপ লক্ষ করা গেছে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায়।
আজ শনিবার (০৬ এপ্রিল) শনিবার ভোর থেকে ব্যক্তিগত ছোট যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। সেই সাথে দূরপাল্লার পরিবহনের সংখ্যা কম হলেও মোটরসাইকেলের চাপ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কমেছে। এখন স্বাভাবিক রয়েছে টোল প্লাজাসহ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৭টি টোল বুথে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে যানবাহনে টোল আদায় করা হচ্ছে ফলে দ্রুত সময়ের মধ্যেই ভোগান্তিহীনভাবে পদ্মা সেতু পাড়ি দিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছে যান চালক ও যাত্রীরা। এদিকে, মোটরসাইকেলের চাপ বেশি থাকায় আলাদা দুটি লেন তৈরি করে টোল আদায় করা হচ্ছে। ঈদ পর্যন্ত এভাবে টোল আদায় করা হবে।
পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গতকাল মাওয়া প্রান্তে তীব্র যানজট থাকলেও আজকে তা দেখা যাচ্ছে না। তবে ভোরে সাহরির পরে কিছু চাপ ছিল। সেগুলোও ব্যক্তিগত প্রাইভেট কার।
তিনি আরও জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কে বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসা করছি এ বছর ঈদে দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করতে পারবে।