যাত্রী ও পরিবহনের নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু রুটে আবারও খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতুর এই রুটটি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে রবিবার সকাল থেকে বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা ও আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
খুলনা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রবিবার ও সোমবারের (২৯ ও ৩০ নভেম্বর) লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পদ্মা সেতু রুটে পরিবার চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে বিকল্প রুট দিয়ে মানুষ ঢাকায় যেতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পরিবহন চালু করা হবে।
এর আগে গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় ১৮ নভেম্বর (বুধবার) বিকেল থেকেই খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঐদিন সন্ধ্যায় যশোর-আরিচা-ঢাকা রুটে কিছু পরিবহন চলাচল করলেও ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা খুলনার সব রুটে পরিবহন বন্ধ ঘোষণা করা হয়।