রুদ্ররূপে রনি, ১০০ ওভারের ম্যাচ শেষ ১১০ বলেই

মোহামেডানের হয়ে এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে দ্যুতি ছড়িয়েই যাচ্ছেন আবু হায়দার রনি। আজ গড়লেন দারুণ এক কীর্তি। লিস্ট 'এ' ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার বনেছেন এ বাঁহাতি স্পিনার। তার তোপে লজ্জায় ডুবতে হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। মাত্র ৪০ রানে অলআউট হয়েছে তারা। পুরো ম্যাচ শেষ হয়েছে মাত্র ১১০ বলে।

ডিপিএলে বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ রনি ৬ ওভারে ২০ রানে নিয়েছেন ৭ উইকেট।  তাতে রেকর্ড বইয়েও নাম তুলে নিয়েছেন। তার বোলিং সঙ্গী নাসুম আহমেদও করেছেন ৬ ওভার। তার শিকার বাকি ৩ উইকেট। ৪১ রান তুলকে মোহামেডানের লেগেছে ৬.২ ওভার। জয়ের ব্যবধান ৯ উইকেটে।

লিস্ট 'এ' ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার আবু হায়দার। ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের তরুণ পেসার ইয়াসিন আরাফাত। ২০০৪ সালে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে ১৭ রানে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

দেশের লিস্ট 'এ' ক্রিকেটে গাজী টায়ার্সের চেয়ে কম রানের গুটিয়ে যাওয়ার নজির আছে দুটি। ২০০২ সালের জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে ৩০ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম বিভাগ। ২০১৩ সালে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে ৩৫ রানে অলআউট করে আবাহনী।  

একটি জায়গায় অবশ্য রেকর্ড গড়েই ফেলেছে গাজী টায়ার্স একাডেমি। এই সংস্করণে বাংলাদেশের কোনো দলের সংক্ষিপ্ততম ইনিংস তাদের এই ১২ ওভারে অলআউট হওয়া।