‘নিজের জন্য জামা-কাপড় পরি না, অন্যের ভালো লাগবে বলে পরি’ 

এই মুহূর্তে ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন অপরাজিতা আঢ্য। কলকাতার ধারাবাহিক ‘জল থই থই ভালবাসা’ নাটকে তাকে দেখা যাবে পহেলা বৈশাখে। এরমধ্যে ভারতীয় গণমাধ্যমে টলিপাড়ার বিয়ে বিতর্ক থেকে শাড়ি বিতর্কে— নিজের অবস্থানের কথা জানালেন অভিনেত্রী।

এসময় তাকে প্রশ্ন করা হয়, ছোট পর্দায় আপনাকে বেশির ভাগ সময় শাড়ি পরতেই দেখা গেছে। কিন্তু এই যে এখন চারিদিকে ‘শাড়ি বিতর্ক’, আপনার কী মত—এমন প্রশ্নে অপরাজিতা বলেন, শাড়ি পরার এই ধরন নিয়ে কিছু একটা চলছে। তবে কে কী বলেছেন, সেটা না জেনে কোনও মন্তব্য করা ঠিক হবে না। আমার মনে হয়, কে কীভাবে শাড়ি পরবেন, সেটা তার ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আমার খুব ভাল চেহারা, আমি চাই মানুষের প্রশংসার তীব্রতা আমাকে আকর্ষণ করুক। তার চোখে দারুণ দেখতে লাগছে। কেউ যদি লো কাট ব্লাউজের সঙ্গে শিফন শাড়ি পরেন, তিনি যদি আত্মবিশ্বাসী হন, তা হলে পরবেন। আমরা তো নিজের জন্য জামা-কাপড় পরি না, অন্যের আমাকে ভাল লাগবে বলে পরি। মানুষ যদি শুধু নিজের জন্য জামা-কাপড় পরত, তা হলে তো ম্যাক্সি পরেই কেটে যেত। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি নিজে এমন পোশাক পরব যা সর্বজনগ্রাহ্য। পোশাকের মাধ্যমে কোনও ব্যক্তি কী ধরনের বার্তা দিতে চাইছেন, সেটা তার মানসিকতার উপর নির্ভর করে।