তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র তাপদাহ। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সেই সাথে বাতাসের আদ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তাপদাহে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।

আজ শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা
এ মৌসুমের দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মাঝারি তাপদাহের পর আজ তীব্র তাপদাহ শুরু হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

এদিকে আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা এবং রাজশাহী বিভাগের ৮টি জেলাসহ মোট ১১টি জেলার ওপর দিয়ে আজ মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে আজ দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। 

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাগে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।