ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন পরীক্ষা লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ৩১তম রাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। শিরোপা দৌড়ে এগিয়ে থাকতে হলে প্রতিটি ম্যাচেই জয় গুরুত্বপূর্ণ লিভারপুলের জন্য। তবে আজ ওল্ড ট্র্যাফোর্ডে অলরেডদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

ম্যানইউর সঙ্গে লিভারপুল সবশেষ মুখোমুখি হয়েছিল এফএ কাপের ম্যাচে গেল ১৭ মার্চ। সেটিও ছিল ওল্ড ট্র্যাফোর্ডেই। ঘরের মাঠে ম্যানইউ ৪-৩ গোলে জিতেছিল ম্যাচটি। এর আগে গত মৌসুম লিগ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। চলতি মৌসুমেও লিগে প্রথম দেখায় অ্যানফিল্ডেও জিততে পারেনি লিভারপুল। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর সঙ্গে শেষ দুই ম্যাচের ফল ভাবাচ্ছে ক্লপকে। তবে জার্মান এই কোচ জানেন লিগ জিততে হলে বাকি আট ম্যাচ জেতাটাই সবচেয়ে নিরাপদ উপায়। সব ম্যাচ জিতলে কোনো রকম হিসাব ছাড়াই লিগ শিরোপা জিতবে ক্লপের দল। ক্লপ বলেছেন, ‘অবশ্যই প্রিমিয়ার লিগে এ রকমই (হাড্ডাহাড্ডি লড়াই) হয়। এবারও লড়াইটা খুব কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যতটা ভালো অবস্থানে থাকা যায়, সেখানেই আমরা আছি। এখন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অবশ্যই সামনের ম্যাচটি অনেক বড়, একইভাবে তার পরেরগুলোও।’

লিভারপুল নিজেদের শেষ ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ডকে। তবে উল্টো ফল ম্যানইউর। লিগে সবশেষ ম্যাচে এগিয়ে থেকেও হেরেছে তারা চেলসির কাছে। স্টামফোর্ড ব্রিজে অতিরিক্ত সময়ের গোলে চেলসি ৪-৩ গোলে হারায় ম্যানইউকে।

চেলসির বিপক্ষে হার মাথায় না রেখে ঘুরে দাঁড়াতে চান ম্যানইউ কোচ এরিক টেন হাগ। তিনি বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা কাল জয়ের জন্যই খেলব। কীভাবে ম্যাচ জিততে হয়, সেদিকে মনোযোগ দিতে হবে।’

৩০ ম্যাচে ৭০ পয়েন্ট লিভারপুলের। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট ম্যানসিটির। গতকাল রাতে ব্রাইটনের বিপক্ষে আর্সেনাল জিতে থাকলে ৭১ পয়েন্টে শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ম্যানইউ ৪৮ পয়েন্টে ৬ নম্বরে আছে।