দুই হ্যাটট্রিকের পর গোলহীন রোনালদো

সৌদি প্রো লিগে আগের দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুক্রবার রাতে দামাকের বিপক্ষে বদলি হিসেবে ৬৬ মিনিটে মাঠে নামেন রোনালদো। সিআরসেভেন নামার পরও গোল পাচ্ছিল না নাসর। মনে হচ্ছিল গোলশূন্য ড্র হবে ম্যাচটি। তবে যোগকরা সময়ের প্রথম মিনিটে গোল করেন আইমেরিক লাপোর্তে। তাতে আল-নাসর ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

আল-নাসর সোমবার রাতে মুখোমুখি হবে আল হিলালের, সৌদি সুপার কাপের সেমিফাইনালে। তাই লিগের ম্যাচে রোনালদোকে বদলি হিসেবে খেলান নাসর কোচ। লিগে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনালদোই। নাসর কষ্টের জয় পেলেও লিগের অন্য ম্যাচে আল-খালিজের বিপক্ষে ৪-১ গোলে সহজে জিতেছে আল হিলাল। হিলালের ম্যালকম জোড়া গোল করেন। একটি করে গোল করেন সালেহ আল-সেহরি ও আব্দুল্লাহ আল হামদান। অপরদিকে খালিজের হয়ে গোল করেন মোহাম্মেদ শেরিফ।

সৌদি লিগে ২৭ ম্যাচ শেষে ৭৭ পয়েন্টে শীর্ষে আল হিলাল, ৬৫ পয়েন্টে দুইয়ে আল নাসর।