বিএনপি চেয়ারপারসনের হাতে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আত্মজীবনীমূলক বই তাকে উপহার দেওয়া হয়েছে।

প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া- হার লাইফ, হার স্টোরি’ বইয়ের বাংলা অনুবাদ করেছেন তার ভাই ড. মাহবুব উল্লাহ। অনুদিত বইটির নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’।

শনিবার (০৬ এপ্রিল) গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার কাছে বইটি হস্তান্তর করা হয়। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মাহবুব উল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সবাই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (০২ এপ্রিল) সন্ধ্যায় অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।