মাঠে ফিরেই গোল মেসির, তবুও জয়হীন মায়ামি

ইনজুরি কাটিয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফিরলেন লিওনেল মেসি, গোলও করলেন। তবু ম্যাচ জিততে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় আজ সকালে হওয়া মায়ামি ও কলোরাডোর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

চেস স্টেডিয়ামে শুরুর একাদশে মেসি ছাড়াও জর্দি আলবা, বুসকেটস, লুইস সুয়ারেজ ছিলেন না। পরে মেসির মতো বুসকেটস ও আলবা বদলি নামলেও মায়ামি কোচ মাঠে নামাননি সুয়ারেজকে। ড্র হলেও ম্যাচে আধিপত্য ছিল মায়ামিরই।

৪৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পরেছিল মায়ামি। মায়ামির বক্সে ক্যাবরাল ফাউলের শিকার হন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন রাফায়েল নাভারো। বিরতির পরই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি।

৫৭ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান।

তিন মিনিট পর মায়ামি লিড নেয় মায়ামি। সেই গোলেও ছিল মেসির ভূমিকা।

মেসির পাস ধরে ডেভিড রুইজ বক্সে ঢোকেন, তার বাড়ানো বল পেয়ে কলোরাডো গোলকিপারকে ফাকি দিয়ে লিওনার্দো আলফনসো বল জালে জড়ান।

 তবে শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সফরকারী কলোরাডো। ৮৮ মিনিটে স্কোরলাইন ২-২ করেন কোল বাসেট।

মেসিকে কলোরাডোর বিপক্ষে অন্তত্য ১০ মিনিট খেলানোর কথা জানিয়েছিলেন মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে প্রায় এক মাস তিনি মাঠের বাইরে ছিলেন।

এই ড্রয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৮ ম্যাচে ৩টি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট মায়ামির অবস্থান টেবিলের দুইয়ে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা নিউইয়র্ক রেডবুলসের পয়েন্ট ১৪।