গোল মেসিকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে

লিওনেল মেসি কলোরাডোর বিপক্ষে খেলবেন আগেই জানিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। মেসি আজ কলোরাডোর বিপক্ষে নামেন দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে। ফেরার ম্যাচে নতুন মাইলফলকও গড়েছেন মেসি। ২-২ সমতার ম্যাচে একটি গোল করেন। তাতে টানা ১৭ বছর ২০ বা বেশি গোল করলেন তিনি। ফুটবল ইতিহাসে এই নজির নেই আর কারও।

ম্যাচের পর মেসিকে নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেন, 'মেসি যা করেছে (দারুণ গোল) এটি তার জন্য সাভাবিক। সে আমাদের দলে, সতীর্থদের মধ্যে, সমর্থকদের জন্য অনুপ্রেরণা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মেসি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। ভালো করেছেন।'

ইনজুরি থেকে ফিরে এমন দারুণ পারফরম্যান্স মেসিকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন মায়ামি কোচ। 'ইনজুরি থেকে ফেরার পর এটি (গোল) তাকে মন্টেরের বিপক্ষে দ্বিতীয় লেগের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।'

এগিয়ে থেকেও ড্র করেছে দল। দুই পয়েন্ট হারিয়ে হতাশ মার্তিনো। 'দুই পয়েন্ট হারানো লজ্জাজনক। আমরা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি ফলে পয়েন্ট হারাচ্ছি। ৮৭ মিনিটে ২-১ এ এগিয়ে থাকার পর কাউন্টার অ্যাটাকে গোল হজম করা সাভাবিক নয়। এটি ম্যাচকে ভালোভাবে পর্যালোচনা না করার ফল। এমনটি হতে থাকলে সামনেও ভুগবো আমরা।'

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্টেরের বিপক্ষে খেলবে মায়ামি।