অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এই বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই আন্তর্জাতিক মঞ্চে ফেরার ঘোষণা দেন এই বাঁহাতি পেসার।
২০১০ সালে ফিক্সিংকাণ্ডে জড়িয়েছিলেন আমির। পরে নির্বাসন কাটিয়ে পাকিস্তান দলে ফেরেন তিনি। তবে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। কিছুদিন আগে আবারও ফেরার ঘোষণা দেন।
আমির জাতীয় দলে ফিরুক এমনটি চান না পাকিস্তানের সাবেক নির্বাচক প্রধান ও জনপ্রিয় ধারাভাষ্যকার রামিজ রাজা।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ বলেন, ‘যেদিন আমির (ফিক্সিং) ঘটনা ঘটিয়েছিল সেদিন আমি ধারাভাষ্য দিচ্ছিলাম ঐতিহাসিক লর্ডস গ্রাউন্ডে। সেই সময় অনেক মানুষ আমাকেও ভুল বুঝেছিল।’
রমিজ জানান আমিরের মতো কাণ্ড তার ছেলে করলে ত্যায্য পুত্র করতেন। ‘আমিরকে কোনদিন পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলতে দেওয়া উচিত নয়, কারণ আমির দেশকে লজ্জিত করেছে । তাকে কোনও ছাড় দেওয়া উচিত না। ক্রিকেটে অনেকেই সমবেদনা জানিয়ে পাশে থাকে। কিন্তু ইশ্বরের দিব্যি বলছি, আমার ছেলেও যদি এমন কাজ করতো তাহলে আমি তাকে ত্যায্য পুত্র করে দিতাম।'
অতীতেও বহুবার আমিরকে নিয়ে মুখ খুলেছেন রাজা। বেশিরভাগ সময় আমিরের সমালোচনাই করেন তিনি।