ঈদে রাজীব আশরাফের লেখা শেষ গান

ঈদে আসছে রাজীব আশরাফের লেখা শেষ গান। 'আগাছার ফুল' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি, সুরারোপ করেছেন মুয়ীয মাহফুজ।

গানটি ব্যবহৃত হয়েছে ‘মুক্ত কারাগার’ সিনেমায়। নারী সত্ত্বা এবং তার যাপনের  বহুবিধ চড়াই-উৎরাই নুর চরিত্রের ভিতর দিয়ে পরিভ্রমণ করে। প্রেম,  দ্রোহ,  সমাজ কিংবা তার রিচুয়ালের যাবতীয় চরিত, উত্থান, অবদমন নানা বেশে গল্পে হাজির হয়। নারী তার প্রেম কিংবা জীবন মুক্তির অণ্বেষণে যে অন্তহীন অভিযাত্রায় শরীক হয়;  তার যে বিপুলায়তন বেদনার গ্রহ,  সেই সব সত্যাসত্য যাপনের বয়ানই মুক্ত কারাগার। 

রহিমা আফরোজ মুন্নী পরিচালিত ছবিটির মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে ঈদে গানটি মুক্তি দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। এতে অভিনয় করেছেন রহিমা আফরোজ মুন্নী, নাফিস আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।