রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যু্বকের মৃত্যু

রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শরীফ (২৬) নামে এক যু্বকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রী ছিলেন। রবিবার (৭ এপ্রিল) বেলা ১টার দিকে ডেমরা মাহমুদনগর নিউ সিটি টাউনে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শরীফের বড় ভাই মো. সুজন জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়। বর্তমানে বংশাল সিদ্দিক বাজার এলাকায় দুই ভাই এক সাথে থাকতেন। স্যানিটারি মিস্ত্রীর কাজ করতেন ছোট ভাই শরীফ। সকালে ডেমরা এলাকায় কাজে যান। এরপর দুপুরে তার সহকর্মীদের মাধ্যমে সুজন খবর পান, ৭ তলা ভবনের ছাদে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে গেছেন শরীফ। 

পরবর্তীতে তিনি স্থানীয় একটি হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। সেখানে অবস্থার অবনতি দেখে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।