দেশের মানুষের চিকিৎসার সেবার দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। রবিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ফয়জুল হাকিম। বক্তব্য রাখেন তৈমুর খান,কাইয়ুম হোসেন, আলবার্ট উইলিয়াম অনন্ত, আবদুস সামাদ, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।
আলোচনা সভায় ফয়জুল হাকিম বলেন, এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্লোগান হচ্ছে ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য অধিকার হিসেবে আইন দ্বারা সুরক্ষিত নয়। জনগণের চিকিৎসা সেবার দায়িত্ব রাষ্ট্রকে নিতে বাধ্য করার জন্য গণআন্দোলন সংগঠিত করতে দেশের জনদরদী চিকিৎসক, নার্স,মেডিকেল স্টুডেন্ট,স্বাস্থ্য কর্মীসহ জনগণকে আজ এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রকৃত উন্নয়ন হচ্ছে জনগণের শিক্ষা,চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করা। দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার বায়ান্ন বছর পরও আজ এসব অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আলোচকরা দেশজুড়ে জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন।