ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্টেডিয়াম ভবনের ছাদ থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় আহমেদ (১০) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের বাদে হারিয়া গ্রামে এক ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী হেলাল মিয়ার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় হৃদয়। খেলার এক পর্যায়ে ফুটবলটি স্টেডিয়াম ভবনের ছাদে আটকে গেলে হৃদয় সেটি আনতে যায়। এ সময় ভবনের ওপর দিয়ে যাওয়া তারের সঙ্গে বিদ্যুতায়িত হয় সে। এতে তার হাতের একটি অংশ পুড়ে যায়। এ সময় স্থানীয়দের থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হৃদয়কে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।