চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ার‌ম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন- বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।

পুলিশ সূত্র জানায়, আজ সকালে হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশের একটা টিম ঘটনাস্থলে উপস্থিত আছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত