ইনক্লাইন্ড প্লেট সিডার

দেশের কৃষিকাজে এখন অনেক ধরনের যন্ত্রপাতি ব্যবহার হয়। এসব যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজ যেমন সহজ হয়েছে তেমনি ফলনও বৃদ্ধি পেয়েছে। এ রকম একটি যন্ত্র পাওয়ার টিলার চালিত ইনক্লাইন্ড প্লেট সিডার। ইনক্লাইন্ড প্লেট সিডার দিয়ে সারিতে বীজ বুনলে কম বীজ লাগে, সহজে আগাছা পরিষ্কার করা যায়। গাছ বেশি আলো বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে। সারিতে ও নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় সহজে বীজ বোনার জন্য পাওয়ার টিলার চালিত বীজ বপন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এ যন্ত্র দিয়ে চাষ করা জমি ছাড়াও চাষবিহীন অবস্থায় বেলে ও বেলে দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, পাট, তৈলবীজ ও ডাল শস্য সারিতে বোনা যায়।

সুবিধা : যন্ত্রটি পাওয়ার টিলার চালিত। বীজকে নির্দিষ্ট স্থানে ও সঠিক গভীরতায় সুষমভাবে বপন করা যায়। বীজের মান ভালো হলে ভালো অঙ্কুরোদগম এবং পর্যাপ্ত সংখ্যক চারাগাছ নিশ্চিত করা যায়। ব্যবহার করে প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় ১০-৪০ শতাংশ বীজ কম লাগে এবং ফলনও ১০-১৫% বৃদ্ধি পায়।  সারিবদ্ধভাবে বীজ বপনের ফলে নিড়ানি যন্ত্র ব্যবহার করা যায়। ফলে আগাছা দমন, কীটনাশক প্রয়োগসহ অন্যান্য আন্তঃপরিচর্যা করার জন্য প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় ২৫ ভাগ সময় ও খরচ কম লাগে। রোপণ খরচ প্রতি হেক্টরে ৬০ টাকা। অর্থাৎ প্রতি ঘণ্টায় ১৩ টাকা খরচ হয়। প্রতি ঘণ্টায় প্রায় ০.১৮ হেক্টর (৪৫ শতাংশ) জমিতে বীজ বপন করা যায়। ইনক্লাইন্ড প্লেট সিডার যন্ত্রটির বাজার মূল্য ৫০,০০০ টাকা।