কম্পোস্ট সার কীভাবে বানাবেন

গরুর গোবর সার দেশের কৃষকদের কাছে পরিচিত ও উন্নতমানের সার। অনেকে আছেন কম্পোস্ট সার তৈরি করে ব্যবহার করেন।

তৈরির পদ্ধতি : গরুর কাঁচা গোবর দুই থেকে তিন ফুট চওড়া করে পিরামিড শেপে ম্যাক্সিমাম দুই আড়াই ফুট উচ্চতায় যতটা খুশি লম্বা করে ছায়া জায়গায় রাখতে হবে। এবার বাঁশ নিয়ে ঐ গোবরের স্তূপে গর্ত করে দিন এক দেড় ফুট। ঐ গর্তে গোবর, কিছু পানি, কম্পোস্টিং ব্যাকটেরিয়া কালচার বা গুড়ের পানি দিয়ে দিন। গোবরটা ভেজা ভেজা অবস্থায় রাখতে হবে। প্রয়োজনে গোবরের স্তূপের ওপর হালকা করে খড় দিয়ে রাখতে পারেন। এই গোবরের ওপর কুইন্টাল প্রতি চার পাঁচ কেজি সরিষার বা তিল বা বাদাম খৈল ছড়িয়ে দেওয়া যাবে। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে কুইন্টাল প্রতি দুই তিন কেজি সৈন্ধব লবণ, এক দুই কেজি ফিটকিরি ও এক কেজি চুন। পনেরো দিন পর এই গোবরের স্তূপকে কোদাল দিয়ে নাড়াচাড়া করে আবার একই রকম ভাবে রেখে দিন। দেড় থেকে দুই মাসের মধ্যে ঝুরো ঝুরো কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে। এই প্রসেসের গোবর সার সর্বোত্তম কোয়ালিটির হয় কারণ এটি কোল্ড প্রসেসে তৈরি হয়, এতে অর্গানিক কার্বনের পরিমাণ প্রায় ৫৬% পর্যন্ত হতে পারে, কোল্ড প্রসেসে তৈরি হওয়ায় সব ভালো ব্যাকটেরিয়া এতে জীবন্ত অবস্থায় থাকে। মাটির উর্বরতা ফিরিয়ে আনতে এই সার খুব কার্যকরী। বাড়িতে গরু থাকলে গোবর ফেলে না রেখে এভাবে কম্পোস্ট করে ব্যবহার করতে পারেন কৃষিজমিতে।