জমি নিয়ে দ্বন্দ্ব: প্রতিপক্ষের হাতে প্রাণ গেল শিশুর

বাগেরহাটের মোল্লাহাটে পাঁচ বছর বয়সী আহসান উদ্দিন বিশ্বাস নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিনভর চট্টগ্রাম ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পারিবারিক ও জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে শিশুটিকে আসামিরা হত্যা করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের মো. আসাদ শেখের ছেলে মো. আকবর শেখ (২৩) এবং একই গ্রামের আবজাল শেখের ছেলে হিজবুল্লাহ শেখ (২৪)।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আবুল হাসনাত খান প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ এপ্রিল বিকেলে শিশু আহসান উদ্দিন তার নানা বাড়িতে খেলা করার সময় নিখোঁজ হয়। সেদিন সন্ধ্যায় শিশুটির বাবা কামরুজ্জামান মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন দুপুরে নানা বাড়ির পাশে জনৈক দাউদ শরীফের পানের বরাজের মাটির গর্ত থেকে হাত পায়ে ও মুখে সার্জিক্যাল টেপ দিয়ে পেচানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা কামরুজ্জামান বিশ্বাস গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সড়াইডাঙা ইসলামীয়া মাদরাসা ও এতিমখানায় শিক্ষকতা করেন। তাদের বাড়ি নড়াইলের নড়াগাতি উপজেলার চরশুক্তাইল গ্রামে।

বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান সাংবাদিকদের বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে শিশু আহসানকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে। আমরা তদন্ত করছি। এর বাইরে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।