কিশোরী ধর্ষণ মামলার আসামি সিফাত উল্লাহ গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার বাসার ছাদে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার পলাতক প্রধান আসামি মো. সিফাত উল্লাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০১। সোমবার গাজীপুর শহরের জোড়পুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিফাত টঙ্গী পশ্চিম থানার ২৭ পূর্বপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩১ মার্চ রাত ৯টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন সাতাইশ পূর্বপাড়া সালাউদ্দিনের ২য় তলার বাসার ছাদে সিফাত ও সাব্বির মাহমুদ এক কিশোরীকে  ফুঁসলিয়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

পরে সোমবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১ এর আভিযানিক দল সিফাত উল্লাহকে সদর থানাধীন জোড়পুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে।  র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।