জামালপুরের মাদারগঞ্জে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে তাকে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গত ২৮ মার্চ কড়ইচূড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে এক প্রবাসীর প্রতিবন্ধী শিশু একা দাদির ঘরে শুয়ে ছিল। এ সময় শিশুটির মা ও দাদি জরুরি কাজে ঘরের বাইরে থাকার সুযোগে প্রতিবেশী মাসুদ মেয়েটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে শাসিয়ে যান।
বাড়ি ফিরে মেয়েকে কান্না করতে দেখে তার মা কান্নার কারণ জানতে চাইলে সে মাকে ঘটনাটি খুলে বলে। পরে মেয়েটির মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে ঘটনার চার দিন পর পুলিশ পলাতক মাসুদকে গ্রেপ্তার করে।
