টেবিল টেনিসে আন্তর্জাতিক অঙ্গনে দাপট আছে এশিয়ার দেশ চীনের। সেই চীনে বাংলাদেশের ২০ জন টেবিল টেনিস (টিটি) খেলোয়াড় দেড় মাসের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে খেলোয়াড়দের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।
চীনের সেরা একাডেমিতেই প্রশিক্ষণ হবে জানিয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, 'ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আমাদের নিশ্চিত করেছে চীনের সেরা কোনো এক টিটি একাডেমিতেই আমাদের অনুশীলনের।'
বাংলাদেশের ২০ জনের আবাসন ও খাবার ব্যয় চীনের বহনের বিষয়টি নিশ্চিত হলেও যাতায়াত ব্যয়ের ব্যাপারটি এখনও আলোচনাধীন।
চীন সম্প্রতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নানা ভূমিকা রাখছে। কিছুদিন আগে উশু ফেডারেশনকে সামগ্রী দিয়েছে। এখন টেবিল টেনিসের পাশে দাঁড়াচ্ছে।