আর্থিক টানাপড়েনে ছেলেকে হত্যার পর আত্মহত্যা বাবার

রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে বাবা মশিউর রহমান (৫০) ও তার কলেজপড়–য়া ছেলে সাহদাবের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ওই বাসা থেকে মশিউরের মেয়ে সিনথিয়াকে (১৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গত রবিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের তালতলা এলাকার বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় সিনথিয়াকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিনথিয়া অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) ইমরান হোসেন গতকাল সোমবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, মশিউর একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে চাকরি চলে যাওয়ার পর কয়েক বছর ধরে বেকার ছিলেন এবং হতাশায় ভুগছিলেন। এরপর তিনি শেয়ার ব্যবসা শুরু করেন। সম্প্রতি তাতেও ক্ষতির মুখে পড়েন। এ হতাশা থেকেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। তবে অন্য কোনো কারণ ছিল কি না, সেটিও যাচাই করে দেখা হবে। এ ঘটনায় মশিউরের স্ত্রী বাদী হয়ে গতকাল মামলা করেছেন।

এদিকে ঘটনাস্থল থেকে মশিউর রহমানের হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ওই নোটে লেখা ছিল, ‘বাসায় যে দুই তরুণী সাবলেট থাকেন তারা এ হত্যার সঙ্গে জড়িত নন। তারা অনেক আগেই ছুটিতে বাড়ি গেছেন। তাদের যেন হয়রানি করা না হয়।’

এসব বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলী বলেন, ‘আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই। ওই মেয়ের (সিনথিয়া) সঙ্গেও কথা বলার পরিস্থিতি তৈরি হয়নি, সে অচেতন অবস্থায় হাসপাতালে আছে এখনো। আমরা তার সঙ্গে কথা বলতে চাই। এ ছাড়া অন্যান্য বিষয়ও যাচাই করা হচ্ছে আমাদের তদন্তে।’