ভাড়া নিয়ে দ্বন্দ্বে চালককে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবহনের ভাড়া নিয়ে দ্বন্দ্বে রাসেল মিয়া (৩৩) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিমন মিয়া নামের এক ব্যক্তিকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অটোরিকশা চালক রাসেল মিয়া বাড়ি উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বুজরুখ মোজাহিদপুর। তিনি ওই গ্রামের নান্দু শেখের ছেলে। আসামি লিমন মিয়া একই গ্রামের সেকেন্দার আলীর বাসিন্দা।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম। তিনি মামলার বরাত দিয়ে মুঠোফোনে জানান, সোমবার রাতে উপজেলার খোর্দ্দকমরপুর গ্রামের লিমন মিয়া একই গ্রামের রাসেল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। লিমন বাড়ি থেকে গোবিন্দগঞ্জে অটোরিকশাটি নিয়ে যাতায়াত করেন। বাড়িতে ফিরে তিনি অটোরিকশা ভাড়া বাবদ রাসেলকে ২০০ টাকা দেন। এ সময় চালক তিনি ভাড়া বাবদ ৫০০ টাকা চাইলে লিমন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে লিমনের কিল-ঘুষিতে রাসেল অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিমন মিয়াকে আসামি করে নিহতের বাবা নান্দু শেখ থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।