গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব রাঘবপুর খামার গ্রামের এক গৃহবধূকে (১৯) ধর্ষণের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
তিনি মুঠোফোনে জানান, গতকাল সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আতিকুর রহমান নামের একজনকে আসামি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আসামি আতিকুর রহমানের বাড়ি উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামে। তিনি ওই গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে পূর্ব রাঘবপুর (খামার) এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলা দেখতে যান ভুক্তভোগীর স্বামী। এই সুযোগে রাতে আতিকুর রহমান ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। পরে ওই গৃহবধূর হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি পরিবারকে জানান। পরে আতিকুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।