ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত পথে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন গোয়েন্দা সদস্যরা। গতকাল সোমবার (৮ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রভাবশালী নেতা ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্নবী আজমলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির সামনের গেটে ১০ বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা জনি নামের অপর এক সহযোগী পালিয়ে যান। পরে আটক আজমলের দেওয়া তথ্য অনুযায়ী বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা অবৈধ পথে আসা চিনি জব্দ করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কসবা থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।