ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার (১৯ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬০ বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনিয়ন্দ, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, চকলেট, বাজি, ইজিবাইক, ফুসকা, মেহেদি, গরু, জনসন বেবি লোশন, মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।