হালান্ডের সাথে রুডিগারের লড়াইটা ব্যক্তিগত

তারকায় ঠাসা ম্যানচেস্টার সিটি দলে বিপজ্জনক ফুটবলারের কমতি নেই। বিশেষ করে, আক্রমণভাগে তো দারুণ সব কার্যকর ফুটবলার আছে গত মৌসুমের ট্রেবলজয়ী দলটির। সেই ফুটবলারদের নিষ্ক্রিয় করে রাখতে রেয়াল মাদ্রিদের বিশেষ পরিকল্পনার কথা জানালেন অ্যান্টোনিও রুডিগার। তার নিজের অবশ্য বিশেষভাবে নজর আর্লিং হালান্ডের দিকে। সিটির মূল স্ট্রাইকারকে ডানা মেলার সুযোগ দিতে চান না রিয়ালের এই ডিফেন্ডার।

সিটির আক্রমণভাগের সঙ্গে রিয়ালের রক্ষণভাগের এই লড়াই বড় ভূমিকা রাখতে পারে ম্যাচের ফল নির্ধারণেও। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের তুমুল আলোচিত ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী ক্লাব।

গত মৌসুমে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবারও প্রথম লেগ হয়েছিল রিয়ালের মাঠে এবং ১-১ ড্র হওয়া ম্যাচে হলান্ড, কেভিন ডে ব্রুইনদের জ্বলে উঠতে দেয়নি রিয়ালের ডিফেন্ডাররা। এবার এই দুজনকে সামলানো হবে রিয়ালের জন্য বড় চ্যালেঞ্জ। দুর্দান্ত ফর্মে আছেন ব্রুনো ফার্নান্দেস, ফিল ফোডেনরাও।

সেই চ্যালেঞ্জটা ভালোভাবেই জানা রুডিগারের। রিয়ালের রক্ষণভাগের মূল সেনানি এই লড়াইয়ে প্রেরণা খুঁজছেন গত মৌসুমের অভিজ্ঞতা থেকে।

'বার্নাব্যুয়ে গত বছরের ম্যাচটি ছিল বেশ ভালো। সেই রাতে হালান্ডকে শান্ত রাখতে দারুণ কাজ করেছিলাম আমরা। ডি ব্রুইনকে শান্ত রাখতে ভালো কাজ করেছিল আমার সতীর্থরা।'

'এই মৌসুমেও আমাদের পরিকল্পনা থাকবে ফিল ফোডেন, ডি ব্রুইন, হালান্ডের মতো বিপজ্জনক ফুটবলারদের নিয়ন্ত্রণে রাখা… রক্ষণভাগের ফুটবলার হিসেবে হালান্ডের মতো দারুণ এক স্ট্রাইকারের বিপক্ষে আমার লড়াইটা ব্যক্তিগতই।'

গত মৌসুমে প্রথম লেগে ড্র করার পর দ্বিতীয় লেগে রিয়ালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় সিটি। এবারও বল পায়ে রেখে রিয়ালকে নাস্তানাবুদ করার চেষ্টা করতে পারে পেপ গার্দিওলার দল। রুডিগার জানালেন, সব পরিস্থিতি সামলানোর জন্যই তারা প্রস্তুত।

'আমরা স্রেফ চেয়ে থাকব না এবং সিটির পায়ে বল ধরে রাখা দেখব না। তবে সবকিছুই খেলার অংশ। খেলায় কোনো অংশ থাকবে, যেখানে আমাদের রক্ষণ বেশি সামলাতে হবে এবং প্রয়োজন পড়লে আমরা তা করব।'