দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীসহ নিহত ২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার ও জীবন নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও তিনজন।

গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দেওয়ানগঞ্জ-পাথরের চর সড়কের মাঠের ঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন ওই এলাকার মো. খোরশেদের ছেলে এবং তিনি ব্যবসায়ী ছিলেন। অপরদিকে নিহত দেলোয়ার একই এলাকার মো. নাছিরের ছেলে এবং সে রাজমিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, বিকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বক্করের ব্রীজের ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজমিস্ত্রী দেলোয়ার মারা যান। গুরুত্বর আহত জীবনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুইটি মোটরসাইকেলেই চালকসহ আরও তিনজন করে ছিলেন। দুইজন নিহত হয়েছে। একজন ঘটনাস্থলে ও অপরজন ময়মনসিংহ হাসপাতালে নেওয়া পথে মারা গেছে। নিহত একজনের মরদেহে উদ্ধার করা হয়েছে।