ঈদ জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয় ঈদের প্রথম জামাত। এরপর ৭টা ২২ মিনিটে শুরু হয় মোনাজাত। মোনাজাতে আল্লাহ্‌র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা।

এ সময় বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলার প্রার্থনা করা হয়। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। এ সময় ইমাম মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি, মৃত সকলের মাগফিরাত, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহে মাগফিরাত কামনা করেন। মোনাজাত করান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতের পর শুরু হয় ঈদের বিশেষ খুতবা। প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন এই মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

এদিকে ঈদ জামাত উপলক্ষে সকাল থেকেই বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। মসজিদের দক্ষিণ গেটের দুটি আর্চওয়ে দিয়ে প্রবেশ করেছেন মুসল্লিরা। গেটে পুলিশ এবং র‍্যাবের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।