বুমরা-ইশান-সূর্যময় মুম্বাই ৪ ওভার রেখেই হারালো বেঙ্গালুরুকে

টানা তিন হারের পর দুই ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারাল তারা। প্রথমে ব্যাট করে ১৯৬ রান করেছিল বেঙ্গালুরু। কিন্তু সেই রান করেও মুম্বাইকে আটকাতে পারল না তারা। ইশান কিশান, সূর্যকুমার যাদবদের ব্যাটে সহজেই লক্ষ্য ছোঁয় মুম্বাই।

এই জয়ের ফলে প্লে-অফের লড়াইয়ে ফিরে এলেন হার্দিকেরা। অন্য দিকে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে চাপ আরও বাড়ল কোহলিদের উপর।

গতি ও লেংথের বৈচিত্র দেখিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলেন জাসপ্রিত বুমরা। দুইবার হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন বুমরা। হ্যাটট্রিক না হলেও ৫ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

ফাফ ডু প্লেসি ৪০ বলে ৬১ রান ও দিনেশ কার্তিক ২৩ বলে ৫৩ রান করেন। ‍জবাবে ইশানের ৩৪ বলে ৬৯ রান, রোহিতের ৩৮ ও সূর্যের ১৭ বলে ফিফটিতে ২৭ বল হাতে থাকতেই জয় পায় মুম্বাই।