হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও বৃদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েন হাটী এলাকায় এ ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, পশ্চিমবাগের বাসিন্দা মিজান মিয়া সরদার ও ইছা মিয়া সরদার গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ রয়েছে।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ঈদের দিন দুই গোষ্ঠীর দুজন গরু চড়াতে গিয়ে ঝগড়া করেন। শুক্রবার দুপুরে ফুটবল খেলতে গিয়ে বৃহস্পতিবারের ঝগড়ার জের ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করতে দেখা যায়। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।