ইসরায়েল ইস্যুতে ইরানকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

ইসরায়েল ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েলের ওপর যেকোনো প্রকার হামলা ঘটলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন।

সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলার জেরে ইরান শিগগিরই সিরিয়ায় হামলা চালাতে পারে উল্লেখ করে জো বাইডেন বলেন, আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান কখনও (ইসরায়েলে হামলায়) সফল হতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি হামলা নিয়ে নিশ্চিত তথ্য পেতে চাই না। তবে ধারণা করছি, শিগগিরই এ হামলা চালানো হবে।

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সাত সদস্য নিহত হন। এদের মধ্যে দুজন বাহিনীটির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। দাপ্তরিকভাবে ইসরায়েল এখনও এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে ফোন করে সহিংসতার জের আর না বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন, তবে ইরান সেই আহ্বানে সাড়া দেবে- এমন সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

কারণ, নিহত ১৩ জনের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা কুদস ফোসের সিরিয়া ও লেবানন শাখার কমান্ডারসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন।