পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়ল ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ। আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয় জেলে ইসমাইল মাঝির ইলিশের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রি করার জন্য কুয়াকাটা মেয়র বাজারের খান ফিসের আড়তে উঠালে নিলামে ফরাজি ফিসের পরিচালক শাহাবুদ্দীন ফরাজি নামের এক মৎস্য ব্যবসায়ী ১২৫০ টাকা কেজি ধরে ১৮০০০ টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহাবুদ্দীন ফরাজি বলেন, এই পাঙাশটি গভীর বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়েছে। আমি মাছটি বিক্রির জন্য কিনেছি। আশা করি এখানেই মাছটি বিক্রি হবে।
তিনি আরো বলেন, সাগরের পাঙাশ সব সময় পাওয়া যায় না। তাই এই মাছ অনেকে শখ করে কিনে নেন। সমুদ্রের বড় মাছ হওয়ায় মাছগুলি অনেক সুস্বাদু। তাই স্থানীয়রাসহ দূর-দূরান্ত থেকে আগত পর্যটকরা ও চড়া দাম কিনে নেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বছরে দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।