পটুয়াখালীর কুয়াকাটায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আবাসিক হোটেলের এক কর্মচারীকে মারধর ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম শাহ আলম হাওলাদার। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি ও হাতপাখার মেয়র প্রার্থী।
এ ঘটনায় ওই নেতাসহ আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মামুন গাজী কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। হোটেলের প্রয়োজনীয় মুদি মালামাল শাহ আলমের দোকান থেকে নগদ ও বাকিতে কেনা হতো। ওই দোকানে হোটেলের ১৩ হাজার টাকা বকেয়া ছিল। ঘটনার তিন-চার দিন আগে ১০ হাজার টাকা পরিশোধ করায় বাকি থাকে ৩ হাজার টাকা। এ টাকা নিয়ে হিসাবের কাগজ দেখতে চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, রবিবার সকালে হোটেলের অতিথিদের জন্য খাবার সংগ্রহ করতে মেরিন ভিউ রেস্তোরাঁয় গেলে শাহ আলমের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম গালমন্দ শুরু করলে মামুন এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলমসহ অপর তিনজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় মাথায় ও মুখে আঘাত করা হয় বলে অভিযোগ করেন মামুন। এতে তার মাথার ডান পাশে কপালের ওপর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ছাড়া তার সঙ্গে থাকা হোটেলের বাজার করার নগদ ২০ হাজার টাকা শাহ আলম নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় মো. মামুন গাজী মহিপুর থানায় হাজির হয়ে শাহ আলমসহ চারজনকে অভিযুক্ত করেন তারা হলেন- ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদার।
মামুনের দাবি, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, শাহ আলম হাওলাদার একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৩ সালে তিনি আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। বর্তমানে তিনি দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতির দায়িত্বে রয়েছেন। আগামীতে কুয়াকাটা পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও রয়েছে তার।
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, আমি টাকা পাব, কিন্তু তারা টাকা দেয় না। আমি টাকা চেয়েছি। তখন আমাকে গালাগালি করেছে। তাই আমার পাশে থাকা ভাইদের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে।
ইসলামী আন্দোলন কুয়াকাটা পৌরসভার সভাপতি মো. হালিম বেপারি বলেন, আমাদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই, কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশের একটি দল তদন্ত করছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।