লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই ঘুরেফিরে আসছে প্রসঙ্গটি।
মেসি নিজে বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। কাতার বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ উল্লেখ করলেও ২০২৬-এর দুয়ার পুরোপুরি বন্ধ করে দেননি মেসি।
মেসি সরাসরি কিছু না বললেও বিশ্বকাপের পর থেকে তার সতীর্থ ও কোচিং স্টাফরা মেসিকে যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে দেখতে চাওয়ার কথা বলেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসিকে পাওয়ার কথা একাধিকবার বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সে ধারাবাহিকতায় এবার মেসির সাবেক সতীর্থ ও আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালাও তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।
জাতীয় দলের হয়ে খেলাটা মেসি উপভোগ করছেন জানিয়ে আয়ালা বলেছেন, ‘আমি বিষয়টা নিয়ে ম্যাচ ধরে ধরে ভাবছি। এরপর কোপা আমেরিকায় কী হয়, আমরা তা দেখব। সে কোন অবস্থায় আছে, তা–ও যাচাই করা হবে। তবে সিদ্ধান্তটা পুরোপুরিভাবে তার কাছ থেকেই আসবে। সে কীভাবে চালিয়ে যেতে চায়, সেটা তার ওপর নির্ভর করছে। সে এখন দারুণ উপভোগ করছে। যখনই সে খেলার জন্য দলে যোগ দিচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে।’
মেসির জন্য অপেক্ষার পাশাপাশি তার বিকল্প তৈরি রাখার কথাও এ সময় বলেছেন আয়ালা, ‘আমাদের আরেকজন খেলোয়াড় প্রস্তুত রাখতে হবে।’
তবে মেসির মতো কাউকে পাওয়া যে সহজ নয়, সেটাও স্বীকার করেছেন সাবেক এই সেন্টারব্যাক। এরপরও যারা সুযোগ পাবেন, তাদের সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন আয়ালা।