কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাহার আলীর পিস্তলের ছোড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন হাসেম গাজী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী ও অপরজন রেজাউল হক (৫০) নামে পথচারী এক ভ্যানচালক।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে সংঘটিত গুলির ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাবেক এই ইউপি চেয়ারম্যান আতাহার আলী লোক পাঠিয়ে নিজ বাড়ির সামনে থেকে হাসেম গাজীকে শিমুলিয়া বাজারে ডেকে এনে প্রকাশ্যে লোকজনের সামনে কথাকাটাকাটি শুরু করে। এক পযায়ে আতাহার আলী নিজ নামীয় লাইসেন্সকৃত নাইন এমএম পিস্তল দিয়ে এলোপাতারি গুলিবর্ষণ শুরু করেন। এসময় সেখানে থাকা ভ্যানচালক রেজাউল ও হাশেম গাজী নাদের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ গুরুতর আহত হাশেম গাজীর ছেলে সোহেলের অভিযোগ, সংসদ নির্বাচনে বাবা নৌকা মার্কার ভোট না করে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের ভোট করায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়াম্যান আতাহার আলীর সাথে দ্বন্দে সূত্রপাত হয়। বেশ কিছুদিন ধরে আতাহারের ক্যাডার বাহিনী আমার বাবাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। কয়েকদিন আগে আমাদের বাড়ির উঠানে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক করে তার লোকজন। আজকেও আতাহার আলী পরিকল্পিতভাবে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা করেছে।
এ বিষয়ে আতাহার আলীর মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
মিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, গুলির ঘটনায় জড়িত সন্দেহে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী ও তার ভাতিজা রিগ্যান এবং ভাগ্নে আয়নালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।