ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, মঙ্গল শোভাযাত্রা নিয়ে যারা সমালোচনা করছে তারা সাম্প্রদায়িক শক্তি। আর এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে ছাত্রলীগের কেউ সমালোচনা করলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের গঠনতন্ত্রে অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে যেকোনো সাংঘর্ষিক ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।
আজ রবিবার (১৪ এপ্রিল) মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে দেশ রূপান্তরকে এ কথা জানান শেখ ওয়ালী আসিফ ইনান।
তিনি আরও বলেন, এই মঙ্গল শোভাযাত্রাকে কেউ সমালোচনা করে প্রতিক্রিয়াশীলদের এজেন্ডা বাস্তবায়ন করবে এমন ঘটনা হতে দেয়া হবে না। সাম্প্রদায়িক শক্তি রুখে দিতে বাংলা ও বাঙালির সংস্কৃতির যে বিকাশ তার বিকল্প নেই। মৌলবাদের বিষদাঁত ভেঙে দিয়ে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। এর বাইরে ভাববার কোনো সুযোগ নেই।
বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করে নিতে চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।