ইসরায়েলে ইরানের হামলা নিয়ে আজ রবিবার (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করবে। যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৪টার দিকে এ বৈঠক হবে।
ইসরায়েলের অনুরোধে কাউন্সিলের প্রেসিডেন্ট ভেনেসা ফ্রাজিয়ের বলেছেন, ‘এই হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে।’
নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছে ইরান। দেশটির ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না।
ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ইরান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন। সেই হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান।
সূত্র: বিবিসি।