ইরানের কথিত বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক বা ‘শ্যাডো ব্যাংকিং’ ব্যবস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আট ব্যক্তি এবং চার দেশে অবস্থিত ২২টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। খবর বিবিসি।
সোমবার (২৩ নভেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ে।
মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করা হচ্ছে। দেশটির আর্থিক লেনদেনের এই বিকল্প ব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেই নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইরানের কথিত ছায়া ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আর্থিক লেনদেন শনাক্ত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন)।
নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ইরানি মুদ্রা ও স্বর্ণ বিনিময় প্রতিষ্ঠানও। প্রায় তিন বছর আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করেছিল।
মার্কিন ট্রেজারি বিভাগের ভাষ্য, ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য থেকে অর্থ সংগ্রহ ও স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ইরান এক্সচেঞ্জ সেন্টার। প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে আসা অর্থ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে।
সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও জোরদার হয়েছে। ওয়াশিংটনের চলমান নিষেধাজ্ঞা কার্যক্রমের লক্ষ্য দেশটির আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক লেনদেন ও বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্ক সংকুচিত করা।
এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রশ্নে ইসরায়েলের রাজনীতিতে ভিন্ন অবস্থান সামনে এসেছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হুমকি নিয়ে সতর্ক করলেও এখনই সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট।
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা চলার মধ্যেই আইজেনকোট বলেছেন, ইরান দেশটির জন্য সবচেয়ে গুরুতর নিরাপত্তা হুমকি হলেও এই মুহূর্তে এমন কোনো তাৎক্ষণিক বিপদ নেই, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নিতে হবে।
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকোট এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের হুমকিকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে সামরিক অভিযানের পক্ষে কোনো জরুরি কারণ দেখছেন না।