ঈদ উৎসবে এবার পাঁচটি কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শেখ নাজমুল হুদা ঈমন। এরমধ্যে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তিনটি নাটক। ভিন্ন ভিন্ন গল্প ও জনরাতে এবার কাজ করেছেন নাগরিক, আমি কে?, হোমওয়ার্ক, এখানে তো কোন ভুল ছিল না দিয়ে পরিচিতি পাওয়া এই নির্মাতা।
এরমধ্যে প্রচারে এসেছে পারসা ইভানা, সাব্বির অর্নব, শাশ্বত দত্ত ও শেগুফতা আহমেদ জারবীনি অভিনীত ‘কুড বি আস!’ এবং আরশ খান ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘পেট পাতলা’। নির্মাতা বলেন, ‘দুটো নাটক এরমধ্যে প্রচারে এসেছে আর একটি আজকে বাংলা ভিশনে প্রচার হবে। এরমধ্যে ‘কুড বি আস!’ নিয়ে অনেক ভালো রেসপন্স পেয়েছি দর্শকদের কাছ থেকে। একটু অন্যরকম করে একটা নতুন গল্প বলার চেষ্টা করেছি। দর্শকরা সেটা পছন্দ করেছেন। তাদের কাছ থেকে নানারকম প্রশংসা পাচ্ছি। অনেক ভিউ না হলেও খুব ভালো ফিডব্যাক পেয়েছি। খুবই ভালো লাগছে।’
এছাড়াও প্রবাসীর ঘরে ফেরার গল্প নিয়ে আসছে ‘বাহাদুরি’। একজন প্রবাসী বাবার আক্ষেপ নিয়ে নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি। অন্যদিকে ‘সারপ্রাইজ’ ও ‘চিরকুট’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও আসছে এই ঈদে। ‘সারপ্রাইজ’ এ অভিনয় করেছেন আবিদ বিন পারভেজ প্রান্ত, প্রিয়াঙ্কা চৌধুরী, রপক আমিন, তৌফিকুল আনাম ও ফারিহা চৌধুরী অবন্তী প্রমুখ এবং ‘চিরকুট’ এ দেখা যাবে শেহজাদ ওমর ও শেগুফতা আহমেদ জারবীনিকে।
শেখ নাজমুল হুদা ঈমন বলেন, ‘কোন নির্দিষ্ট ধরনের গল্প ও শিল্পীর মধ্যে আটকে না থেকে এবার এক একটি গল্পে দর্শককে একেক ধরনের বিনোদন উপহার দেওয়ার চেষ্টা করেছি। নির্মাতা হিসাবে এটা যদিও যথেষ্ট চ্যালেঞ্জিং একটা কাজ। ফ্যামিলি ড্রামা, রোমান্টিক কমেডি, রোমান্টিক, কমেডি, ফিল গুড – সব জনরাতেই কাজ করেছি। বলতে পারেন গল্প বলা এবং শিল্পী—দুই দিক দিয়েই একটু ঝুঁকি নিয়েছি। নিলয় আলমগীর থেকে শুরু করে আরশ খান, সাব্বির অর্ণব, শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টি, পারসা ইভানাসহ একদম নতুন দুই জোড়া জুটি নিয়ে কাজ করেছি। গল্পনির্ভর কাজই বেশি এবং সবগুলোই দর্শকদের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস।’